গাজীপুরে নারী কাউন্সিলর নিখোঁজ
গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের এক নারী কাউন্সিলর গ্রাম্য সালিশ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন উল্লেখ করে রাতে জয়দেবপুর থানায় তার স্বামী মিনহাজ উদ্দিন একটি জিডি করেছেন।
থানার ডিউটি অফিসার এসআই মো. দিদার জানান, পানিশাইল ব্যাটারি ফ্যাক্টরির পাশে একটি গ্রাম্য সালিশে যোগ দেয়ার কথা বলে সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হন কাউন্সিলর পারভীন।
রাতেও তিনি বাড়িতে ফিরে না এলে ১০টার দিকে তার স্বামী মিনহাজউদ্দিন থানায় জিডি করেন।
পারভীন আক্তারের ভাই মো. রফিক মিয়া সাংবাদিকদের বলেন, পারভীনের মোবাইল ফোনে যথেষ্ট চার্জ না থাকায় সেটি তিনি বাড়িতেই রেখে যান। বিকালের পর থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে এবং তার যাওয়ার সম্ভাব্য সব স্থানে খোঁজা হলেও কোথাও তার খোঁজ পাওয়া যায়নি।
