২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ক্রসবার বাঁধে ধস

যমুনা নদীর প্রবল ঘূর্ণাবর্তে সিরাজগঞ্জ সদরের ‘চায়না ক্রসবার বাঁধে’ শুক্রবার ধস দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 08:25 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

মালসাপাড়ায় নির্মিত প্রায় পৌনে দুকিলোমিটারের এ বাঁধে দুপুরে ধস শুরু হয়। এরইমধ্যে প্রায় তিনশ মিটার অংশ যমুনাগর্ভে বিলীন হয়ে গেছে।

ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ চায়না হারবার কোম্পানির সাব-ঠিকাদারদের দিয়ে জিও ব্যাগ ভর্তি বালির বস্তা নিক্ষেপ শুরু করেছে।

ধস এলাকায় জরুরি প্রতিরক্ষা কাজে অংশ নেওয়া স্থানীয় পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী জুলফিকার তারেক জানান, ২০১০-১১ অর্থবছরে যমুনায় খনন কাজের বালি দিয়ে সদর উপজেলার মালসাপাড়া চরের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ বালির বাঁধটি নির্মিত হয়।

চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে দিয়ে পাউবো এটি তৈরি করে।

এছাড়াও এ বাঁধের ভাটিতে এবং শহর রক্ষা বাঁধের উজানে আরো দুটি অনুরূপ বালির বাঁধ তৈরি করা হয়।

কিন্তু গত তিন বছরে এ চায়না ক্রসবার বাঁধের স্থায়ী সুরক্ষায় তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।

গত বছর চায়না ক্রসবার বাঁধসহ সবকটিতেই তিন বার ধস নামে। গত অর্থবছরে ক্রসবার বাঁধ সুরক্ষায় চায়না হারবারকে দায়িত্ব দেওয়া হয়।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল বলেন, চায়না হাবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি মাসখানেক আগে এ বাঁধটির সংস্কার ও মেরামতসহ শক্তিশালীকরণে দুইশ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি কাজের দায়িত্ব পেয়েছে।

কার্যাদেশ পাওয়ার পরই যদি তারা সাব-ঠিকাদারদের দায়িত্ব না দিয়ে নিজেরাই পূর্ণোদ্যমে কাজ শুরু করত তাহলে আজ এ দশা হতো না।

এরইমধ্যে বাঁধের প্রায় দুশ মিটার বিলীন হয়ে গেছে বলে নিশ্চিত করেন তিনি।  

এদিকে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সাইট ম্যানেজার ইয়ান জিহঙ্গ এবং কমার্শিয়াল ম্যানেজার জিয়ান ওয়েজিক দস এলাকা পরিদর্শনে এসে বলেন, গত জুন মাসে কার্যাদেশ পাবার পর তারা কাজ শুরু করলেও এখনও স্টাডি করছেন মাত্র।