২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুপিতে স্বচ্ছলতা

আর কয়েকদিন পরই ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের টুপি কারিগররা।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 08:20 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

এ কাজ করেই আর্থিক স্বচ্ছলতা এনেছে জেলার বায়তুল আমান এলাকার প্রায় অর্ধশত পরিবার।

দিনে দিনে নিখুঁত সূচিকর্ম খচিত ফরিদপুরের এই টুপির সুনাম বেড়েই চলেছে। দেশের গণ্ডি পেরিয়ে এগুলো রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে। অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা।

এ কাজে জড়িতরা জানান, শুধু ঈদের সময় নয়, সারাবছরই টুপি তৈরিতে ব্যস্ত থাকেন কারিগররা। পদ্মা নদীর ভাঙনের শিকার অর্ধশতাধিক পরিবারের শতাধিক নারী গৃহস্থালী কাজের পাশাপাশি টুপি তৈরি করে বাড়তি উপার্জনের মাধ্যমে সংসারের চাহিদা মেটাচ্ছেন। পাশাপাশি নিজেদের নানা প্রয়োজনও মেটাচ্ছেন।

সরেজমিনে বায়তুল আমান এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার প্রতিটি পরিবারের সদস্যরাই টুপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ সুতা পরাচ্ছে, কেউ সেলাই কাজে ব্যস্ত। তবে টুপি তৈরি করতে পুরুষের চেয়ে নারী শ্রমিকদেরই বেশি কাজ করতে দেখা যায়।

টুপির কারিগর জোৎনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দশ বছর ধরে টুপি তৈরির কাজ করি। যে পরিমাণ পরিশ্রম করি সে হিসাবে মজুরি পাই না। মাসে দেড় থেকে দুই হাজার টাকা আয় হয়।”

সংসারের স্বচ্ছলতা আনতে স্বামীকে সহযোগিতা করতে তিনি এই কাজ করেন বলে জানান।

আরেক কারিগর আশা আক্তার বলেন, “প্রতি মাসে চার থেকে পাঁচটি টুপি তৈরি করতে পারি। প্রতিটি টুপির মজুরি পাই চারশ টাকা। এই মজুরিতে আমাদের চলতে খুব কষ্ট হয়।”

দশম শ্রেণির ছাত্রী সিমা আক্তার জানায়, সে লেখাপড়ার পাশাপাশি টুপি তৈরির কাজ করে। এই কাজ করে তার লেখাপড়ার খরচ চলে যায়।

আরেক কারিগর বিউটি বেগম জানান, এমনিতেই সারাবছর টুপির কাজ চলে। ঈদকে সামনে রেখে কাজের চাপ আরও বেড়ে গেছে। একটু কষ্ট হচ্ছে, কিন্তু ঈদের খরচ মেটানোর জন্যই এই অতিরিক্ত পরিশ্রম করছেন।

তিনি আরো জানান, ঢাকা থেকে এখানে ব্যবসায়ীরা আসেন টুপি কিনতে। তারা এই টুপি নিয়ে গিয়ে সৌদি আরব, দুবাই সহ বিভিন্ন দেশে পাঠান।

ঢাকা থেকে আসা ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তিনি প্রতিটি টুপি চারশ টাকা করে কিনে নেন। পরে ঢাকা থেকে তিনি সৌদি আরব এবং দুবাই এই টুপি পাঠান।

প্রতিটি টুপি বিদেশে ২ হাজার থেকে ৩ হাজার টাকায় বিক্রি হয়।

তিনি আরো জানান, বছরের অন্য সময়ের চেয়ে ঈদের সময় এই টুপির চাহিদা বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দা রইসুল ইসলাম বলেন, নদী ভাঙনকবলিত এই মানুষগুলো দারিদদ্র্যসীমার নিচে বসবাস করে। সরকার তাদের একটু সহায়তা করলে ভালোভাবে বেঁচে থাকতে পারত।