‘সংকেত না মানায়’ ফৌজদারহাটে ট্রেন দুর্ঘটনা
সংকেত না মেনে চালক মূল লাইনে ঢুকে পড়ায় বুধবার ফৌজদারহাট স্টেশনে তেলবাহী একটি ট্রেন বড় ধরনের দুর্ঘটনায় পড়ে, যাতে রেলপথে সারা দেশ থেকে চট্টগ্রাম প্রায় সাত ঘণ্টা বিচ্ছিন্ন থাকে।
রেল কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের যমুনা ডিপো থেকে তেল নিয়ে ট্রেনটি দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে যাওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনায় পড়ে।
এতে ট্রেনটির ইঞ্জিন এবং পাঁচটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে চারটি ট্যাংকার উল্টে যায়। ট্রেনের ১৮টি বগির মধ্যে ৮টিতে ছিল ফার্নেস অয়েল।
বেলা সোয়া ১টার দিকে একটি লাইন চলাচলের উপযোগী হলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ আবার চালু হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিগন্যাল অমান্য করে স্টেশনের প্রধান লাইনে প্রবেশ করায় ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।”
সিগন্যাল অমান্য করার বিষয়টি নজরে আসায় দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক ও এর সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।
দুটি তদন্ত কমিটি
দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে রেলের বিভাগীয় পর্যায়ে করা চার সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা জাকির হোসেনকে।
এ কমিটির অপর সদস্যরা হলেন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. কামারুজ্জামান, বিভাগীয় ইঞ্জিনিয়ার-১ আবেদুর রহমান ও বিভাগীয় সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার সুশীল হালদার।
পূর্ব রেলের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট (সিওপিএস) মকসুদুল আরেফিন জানান, দ্রুততম সময়ের মধ্যে দুই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি বলেন, “আমরা রেললাইন, ইঞ্জিন ও তেলসহ কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখব।
