পুলিশকে ছুরি মেরে গ্রেপ্তার
পুলিশের দিকে ছুরি নিক্ষেপ করে পালানোর সময় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর টাইগার পাস থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. হোসেন (২২) নগরীর মতিঝর্ণা এলাকার বাসিন্দা।
কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় ইফতারের সময় হোসেনসহ তিন যুবক টাইগার পাস থেকে লালখান বাজার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশ দেখে দৌড় দেয়।
“এসময় টহল পুলিশও তাদের ধাওয়া করে। এসময় তারা একটি ছোরা পুলিশের দিকে নিক্ষেপ করে। দুজন দৌড়ে পাহাড়ে উঠে গেলেও হোসেন নালায় পড়ে যায়।”
হোসেন ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে জানিয়ে এসআই কামরুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায়ও তারা টাইগার পাস এলাকায় এক যুবকের কাছ থেকে মোবাইল ছিনতাই করেছিল।
