শিক্ষক নিয়োগে অনিয়ম ঠেকাতে আসছে কমিশন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আলাদা কমিশন গঠন করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন।
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিবেশন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, “শিক্ষক নিয়োগে আঞ্চলিক অনিয়ম আমরা বন্ধ করবো। পিএসসির আদলে আলাদা বেসরকারি কমিশন গঠনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী কমিশন শিক্ষক নিয়োগ দেবে।
“ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে যেসব অনিয়মের অভিযোগ ছিল তা বন্ধ করতে পারবো।”
বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ শিক্ষক নিয়োগ দেয়, যেখানে অর্থ লেনদেনসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা সমাধানে জেলা প্রশাসকরা প্রস্তাব দিয়েছেন বলে জানান নাহিদ।
তিনি বলেন, “৫০টি সরকারি কলেজে আজকেই (মঙ্গলবার) অধ্যক্ষ নিয়োগ দেয়া হবে। দুই দিন আগে ১৯৮টি সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।”
সব উপজেলায় বই সংরক্ষণের জন্য ভবন নির্মাণে জেলা প্রশাসকদের দাবি পূরণে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তিনি।
শিক্ষার মান বাড়াতে জেলা প্রশাসকদের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “শিক্ষাকে প্রভাবমুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। অতীতে যেসব দলীয় হস্তক্ষেপ হয়েছিল সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছি।”
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
জেলা প্রশাসক সম্মেলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম দূর করতে কেন্দ্রীয়, আঞ্চলিক কিংবা জেলা পর্যায়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের সুপারিশ করেন ডিসিরা।
এছাড়া প্রতিটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য অবকাঠামো নিশ্চিত, স্কুলে শ্রেণি ও শাখা খোলার অনুমোদন প্রক্রিয়া বিকেন্দ্রীকরণেরও প্রস্তাব করেন জেলা প্রশাসকরা।
