কারখানার বন্ধের নির্দেশ অমান্য করায় বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন
পরিবেশ দূষণের দায়ে কারখানা বন্ধের নির্দেশ অমান্য করায় গাজীপুরে একটি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।
গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা জানান, ত্রুটিপূর্ণ ইটিপি ও পরিবেশ দূষণের দায়ে গত ৩ জুলাই পরিবেশ অধিদপ্তর কারখানা কর্তৃপক্ষকে ৭৫ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা জরিমানা এবং কারখানা বন্ধের নির্দেশ দেয়।
তিনি বলেন, “কিন্তু সরকারি আদেশ অমান্য করে কারখানাটি চালু রেখে কর্তৃপক্ষ তাদের তরল বর্জ্য খালে ফেলে পরিবেশের ক্ষতি সাধন অব্যাহত রাখে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে কারখানাটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম শারজিল হাসান, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানাসহ পল্লীবিদ্যুৎ ও তিতাস গ্যাসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
