রাজধানীতে দুই নারীর লাশ উদ্ধার
রাজধানীর বনানীতে এক গৃহকর্মী কিশোরী ও ভাটারায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই কিশোরী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানালেও গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি পুলিশ।
বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ওই বাসায় দীর্ঘদিন ধরে কাজ করতেন শারমীন। কিছুদিন ছুটি নিয়ে নরসিংদীর বাড়িতে বেড়িয়ে গত শনিবার ফিরে আসেন তিনি।
“সকালে গৃহকর্তা ঘুম থেকে উঠে ডাকাডাকি করে না পেয়ে বারান্দায় গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। শারমীন রাতের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”
গৃহকর্তা মাহমুদুলকে উদ্ধৃত করে পরিদর্শক জানান, শরমীনের মাসিক বেতন তার বাবার কাছে পাঠিয়ে দেয়া হয়। এই টাকা দিয়ে তার বাবা জুয়া খেলতেন। এতে বাবা-মেয়ের মধ্যে বিরোধ লেগে ছিল। আর এ থেকেই মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে।
এদিকে রোববার রাতে রাজধানীর ভাটারায় সোনিয়া নামে ২৯ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে ভাটারা থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, স্বামী কাঠমিস্ত্রী রহমানের সঙ্গে ভাটারার খিলবাড়িটেক মুক্তিপল্লীর একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন সোনিয়া।
রাত সাড়ে ১০টার দিকে নিজের ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক চিচিৎসকের চেম্বারে নিলে সোনিয়াকে মৃত ঘোষণা করা হয় বলে পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন।
পরিবারের সদস্যদের উদ্ধৃত করে তিনি বলেন, সোনিয়া সেহরী না খেয়ে রোজা ছিলেন। ইফতারের সময়ও শুধু পানি খেয়ে নিজ ঘরে চলে যান। বেশ কিছুক্ষণ পর ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে বিছানায় তাকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখা যায়।
তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এসআই নজরুল বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
