২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক, মন্ত্রীর সংহতি

সিলেট বিভাগের চার জেলায় মঙ্গলবার পরিবহন ধর্মঘট আহ্বাকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 05:59 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

তিন দফা দাবিতে সকাল-সন্ধ্যা এই ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যার কেন্দ্রীয় কমিটির সভাপতি নৌমন্ত্রী।

সোমবার সিলেটের বিভিন্ন স্থানে মাইকিং করে ধর্মঘটের পক্ষে প্রচারণা চালানো হয়।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, লাফার্জ-সুরমা সিমেন্ট কোম্পানির ২৩ পরিবহন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদ, সুনামগঞ্জে বিএনপি নেতা মুজিবুর রহমানের সঙ্গে নিখোঁজ তার গাড়িচালক সোহেলকে উদ্ধার ও চালক স্বপন জাহাঙ্গীরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

Image
জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিনি বলেন, “মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভাগের সব জেলা ও উপজেলা সদরে কোনো যানবাহন চলবে না। ধর্মঘট চলাকালে ঢাকাসহ সারা দেশের সঙ্গেও সড়ক যোগাযোগ বন্ধ থাকবে।”

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নৌমন্ত্রী শাহজাহান খান এবং সাধারণ সম্পাদক ওসমান আলী মঙ্গলবারের পরিবহন ধর্মঘটে একাত্মতা ঘোষণা করে বিবৃতি দিয়েছেন বলে জানান এই পরিবহন শ্রমিক নেতা।

বিবৃতিতে তারা ছাতক লাফার্জ-সুরমা সিমেন্ট কোম্পানির ২৩ পরিবহন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল, নিখোঁজ চালক সোহেলের সন্ধান ও চালক স্বপন জাহাঙ্গীরের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানিয়েছেন, বিবৃতিটি সোমবার সিলেটের স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

দাবি না মানা হলে লাগাতার অবরোধসহ সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সেলিম আহমদ ফলিক।