২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিং সেন্টারে ‘ধর্ষণ’, নজরদারিতে আসামি

নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় একটি কোচিং সেন্টারে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 05:57 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

সোমবার দুপুরে ওই শিক্ষার্থী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। একই দিন বিকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

কিন্তু ঘটনাটি সন্দেহজনক মনে করায় পুলিশ এ মামলার আসামি কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক মো. শাহীনকে আটকের পর ছেড়ে দিয়ে পর্যবেক্ষণে রেখেছে।

শাহীন নগরীর কলেজ রোড এলাকার লেন্স (এলইএনএস) ইংলিশ কোচিং সেন্টারের মালিক। তার বাসা শহরের চাষাঢ়া চাঁদমারী এলাকায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, “নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় গণধর্ষণের মামলায় শাহীনকে আটক করা হয়।

“পরবর্তীতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে অভিযোগটি আরো যথাযথ তদন্ত এবং মেয়েটির মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত তাকে (আসামি) ছেড়ে দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

ওই শিক্ষার্থী  (নাম প্রকাশ করা হল না) জানান, গত ৫ জুলাই বেলা ২টায় নগরীর কলেজ রোড এলাকায় লেন্স ইংলিশ কোচিং সেন্টারে ভর্তি হতে যান। শাহীন ভর্তি ফরম পূরণ করার কথা বলে তাকে ভেতরের কক্ষে নিয়ে যায়। এক পর্যায়ে শাহীন কোচিং সেন্টারের গেইটে তালা লাগিয়ে দেয়।

“পরে শাহীন ও অজ্ঞাত পরিচয়ের আরো দুই ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। দুপুর ৩টার দিকে ধর্ষকরা তাকে কোচিং সেন্টার থেকে বের করে দেয় এবং ঘটনা কাউকে না জানানোর হুমকি দেয়।”

ওই তরুণী আরো জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আবার পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। আগে ইংরেজিতে ফল খারাপ করায় কোচিং সেন্টারে ভর্তি হতে যান তিনি।