উত্তরায় ছাত্রী অপহরণ ঘটনায় নেই অগ্রগতি
উত্তরায় নিরাপত্তাকর্মীকে হত্যা করে ক্যামব্রিয়ান কলেজছাত্রীকে অপহরণ ঘটনার চারদিনেও দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, নানা তথ্য পাওয়া গেলেও তা বিশ্বাসযোগ্য নয়। পুলিশের বিরুদ্ধেও ‘রহস্যজনক’ কারণে তথ্য ধামাচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের তিন নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির সামনে থেকে অপহরণ করা হয় ওই কলেজছাত্রীকে। তখন তার সঙ্গে ছিলেন মা ও কথিত হবু বর। তাকে টেনে হিঁচড়ে একটি সাদা প্রাইভেটকারে তোলা হয়।
আর বাঁচাতে এসে গুলিবিদ্ধ হয়ে মারা যান পাশের একটি বাসার নিরাপত্তাকর্মী লিয়াকত হোসেন লিটন (৩৮)। ঘটনার কয়েক ঘণ্টা পর ওই তরুণীকে অপহরণকারীরা ফেলে গেলেও এখনো মেলেনি সঠিক কারণ কিংবা জড়িতদের বিষয়ে তথ্য।
ওই তরুণী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।
ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়ে এবং মা দুইজনই আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছে ক্যামব্রিয়ান কলেজের এক শিক্ষক মেয়িটিকে পছন্দ করতো। দীর্ঘদিন ধরে সে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু একই কলেজের কর্মকর্তা মাহফুজের সঙ্গে তার বিয়ের কথা চূড়ান্ত। এ ঘটনার জের ধরেই তাকে অপহরণের চেষ্টা করা হয়েছে।”
ক্যামব্রিয়ান কলেজের শিক্ষক মাহবুব হাসান লিংকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিন্যান্স বিভাগের শিক্ষক বিপ্লবকে প্রতিষ্ঠান থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”
“পুলিশ এই ঘটনায় আমাদের ক্যামব্রিয়ান কলেজের কাউকে জিজ্ঞাসাবাদ করেননি। এমনকি বিপ্লবকেও না। গণমাধ্যমে আসা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।”
অবশ্য পুলিশ এই বিপ্লবের বিষয়ে কোনো তথ্যই জানে না!
উত্তরা থানার ওসি শাহাদত হোসেন খানের কাছে অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এ ঘটনার প্রথম দিনই উত্তরা এশিয়ান ‘স্কাই শপ’ নামে একটি দোকানের মালিক রুম্মনকে আটক করে পুলিশ। তবে তিন দিন পরও তার কাছে কোন বিশ্বাসযোগ্য তথ্য মিলছে না।”
এদিকে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গণমাধ্যমকর্মীরা নানা প্রশ্ন জানতে চাইলেও তাদের কাছেও মিলছে না তথ্য বা এড়িয়ে গেছেন গণমাধ্যমকে।
শাহাদত হোসেন খান বলেন, “রুম্মন পুলিশকে জানিয়েছে তার সঙ্গে অপহরণ হওয়া তরুণীটির বিয়ের কথা হয়েছিল। তাদের মধ্যে কোন বিরোধ ছিল না বলে রুম্মন দাবি করছে। এছাড়াও বিভিন্ন সময়ে সে বিভিন্ন ধরনের কথা সে বলছে যা আমরা খতিয়ে দেখছি। তদন্তের প্রয়োজনে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।”
তিনি আরো বলেন, “ঘটনার দিন তরুণী ও তার মায়ের সঙ্গে থাকা ‘মাহফুজ’ নামে ছেলেটি ক্যামব্রিয়ান কলেজের কর্মকর্তা। তবে তার সঙ্গে তরুণীর এখনো বিয়ে হয়নি।”
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র দাবি করেছে, পুলিশ আর্থিক সুবিধা নিয়ে ঘটনার প্রথমদিন থেকে এ ঘটনায় ক্যামব্রিয়ান কলেজের কারো সংশ্লিষ্টতার তথ্য এড়িয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে কিছুটা উত্তেজিত হয়ে ওসি শাহাদত হোসেন বলেন, “হতেও তো পারে। আপনি তো কোর্ট না যে আপনার কাছে আমার কোন কথা অস্বীকার করতে হবে। কোর্ট ছাড়া সবার সঙ্গে বেশি কথা বলা যায়। কোর্টের সামনে কম কথা বলতে হয়।”
