নৌকাডুবিতে ঘুমন্ত ৩ শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের সুরমা নদীতে বালু বোঝাই নৌকা ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোর রাতে শহরের মল্লিকপুর এলাকার নির্মাণাধীন সুরমা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের মল্লুক মিয়ার ছেলে জমির আলী (২২), আবদুর রায়হানের ছেলে ফয়েজ আহমদ (২৮) ও আবদুস সালামের ছেলে সায়মন আহমদ (২৭)।
স্থানীয়দের বরাত দিয়ে সুনামগঞ্জ সদর থানার এসআই ফরিদ আহমদ জানান, নৌকার ছয় শ্রমিক ভোর রাতে সেহরি খাওয়ার পর ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর প্রচণ্ড বৃষ্টি শুরুর পর নৌকায় পানি উঠতে থাকলে তিনজন তীরে উঠতে সক্ষম হন। অন্য তিনজন নৌকাসহ তলিয়ে যান।
“খবর পেয়ে সকাল ৯টায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। বেলা পৌনে ১১টায় ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।”
