সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষীকে ‘অপহরণের চেষ্টা’
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাউজানের পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাস উদ্দিন ট্রাইব্যুনালে বিএনপি নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। ওই মামলায় সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে।
আব্বাস উদ্দিন পুলিশকে বলেছেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ থানার এশিয়ান হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে তুলে নেয়ার চেষ্টা করে কয়েকজন ব্যক্তি।
তিনি এশিয়ান হাউজিং সোসাইটি এলাকায় তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি মাইক্রোবাসে করে আসা কিছূ যুবক অস্ত্রের মুখে তুলে নেয়ার চেষ্টা করে বলে তিনি জানিয়েছেন। ওই সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে যুবকরা পালিয়ে যায়।”
এই ঘটনায় আব্বাস উদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ওই যুবকদের কয়েকজনকে সনাক্ত করা গেছে জানিয়ে ওসি ওমর ফারুক বলেন, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আব্বাস উদ্দিন রাউজানে নিজ বাড়িতে থাকেন।
