জয়নাল হাজারীর বিরুদ্ধে মানহানির মামলা
ফেনীর সাবেক সংসদ সদস্য ও দৈনিক হাজারীকা পত্রিকার সম্পাদক জয়নাল হাজারীসহ চার জনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
রোববার ফেনী সদর কোর্টের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. খাইরুল আমিনের আদালতে মামলাটি দায়ের করেন ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল কহিনুর আলম।
বিচারক সোমবার মামলার শুনানির দিন ধার্য করেন।
জয়নাল হাজারী (ফাইল ছবি)
অন্য আসামিরা হলেন দৈনিক হাজারীকা প্রতিদিনের প্রকাশক ইব্রাহিম পাটোয়ারী, প্রধান প্রতিবেদক মো. জোবায়ারে ও ফেনী প্রতিনিধি যতন মজুমদার।
মামলায় বলা হয়, গত ১০ জুন দৈনিক হাজারীকা প্রতিদিন পত্রিকার ৭ম পৃষ্ঠায় ‘একরাম হত্যা মামলায় কহিনুর গ্রুপের ২ ছাত্রলীগ নামধারী কিলারের ৩ দিনের রিমান্ড’ শিরোনামে একটি সংবাদ এবং ১৮ জুন একই পত্রিকার ৭ম পৃষ্ঠায় ‘একরাম হত্যা মামলায় কিলার রাসেল ও রায়হানের স্বীকারোক্তি, পবনের ফের রিমান্ড॥খুনিদের রক্ষায় চাঁদা আদায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
প্রতিটি সংবাদে বাদী কহিনুর আলমের নাম ষড়যন্ত্রমূলকভাবে জড়িয়ে তার সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। এজন্য তিনি পত্রিকার সম্পাদক, প্রকাশক, প্রধান প্রতিবেদক ও ফেনী প্রতিনিধির বিরুদ্ধে এ মানহানি মামলা দায়ের করেন।
