মঙ্গলবার থেকে জেলা প্রশাসক সম্মেলন
তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার। এবারের সম্মেলনের ২০টি অধিবেশনে ৩০৭টি প্রস্তাবের ওপর আলোচনা হবে।
ওইদিন সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন।
আর সচিবালয়ে মন্ত্রিসভা সম্মেলন কক্ষে হবে বিভিন্ন অধিবেশন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া রোববার সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
ডিসি সম্মেলন মঙ্গলবার শুরু হচ্ছে ঢাকায়
“সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের পলিসি ও প্রোগ্রাম বাস্তবায়ন ও সমন্বয় করা ডিসিদের কাজ। এছাড়া স্থানীয় জনগণের চাহিদাও তারা তুলে ধরেন।”
সম্মেলনে মন্ত্রী ও সচিবরা ডিসিদের বিভিন্ন প্রস্তাবের ওপর আলোচনা করে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে থাকেন জানিয়ে মোশাররাফ বলেন, ডিসিরা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ।
“এই সম্মেলনের মধ্য দিয়ে ডিসিদের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিবদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়। মন্ত্রী-সচিবরাও সরাসরি ইন্টারেকশন করেন।”
২০১৩ সালের ডিসি সম্মেলনে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার সন্তোষজনক বলে দাবি করেন মন্ত্রিপরিষদ সচিব।
এবারের সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূণর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স, শিক্ষার মান ও শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষরণ দূষণ ও রোধ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম জানান, এবার ৩০৭টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনা হবে। ৩৯টি মন্ত্রণালয় ও বিভাগ আলোচনায় অংশ নেবে।
সম্মেলনে ২০টি অধিবেশনের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান, রাষ্ট্রপতির সঙ্গে জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনা ছাড়াও একটি সমাপনী অধিবেশন থাকবে বলে জানান নজরুল ইসলাম।
গত বছর ডিসি সম্মেলনে নেয়া ৯২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেন তিনি।
