চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে চন্দনাইশের দেওয়ানহাট এলাকা থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চন্দনাইশ থানার ওসি এস এম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ানহাট অংশে ওই যুবকের লাশ পড়েছিল।
নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, “কয়েকটি গাড়িও লাশটি চাপা দিয়েছে। এটি দুর্ঘটনা, না কি হত্যাকাণ্ড তা এখনি বলা যাচ্ছে না।”
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
