২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় নিহত দুই সহোদরের লাশ দাফন

লিবিয়ায় সরকার বিরোধীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শরীয়তপুরের দুই সহোদরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গোলাম মুজতবা ধ্রুব

কে এম রায়হান কবীর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 04:04 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

নিহত হওয়ার ১৩ দিন পর শুক্রবার সকালে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বপন ছৈয়াল ও মিলন ছৈয়ালের লাশ গ্রহণ করেন স্বজনরা।

দুপুরে তাদের লাশ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ছাবের পাড়া গ্রামের বাড়িতে পৌঁছায়। বাদ জুমা নামাজে জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অন্যান্যের মধ্যে শরীয়তপুরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সোহাগ হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জনস্ব্যাস্থ্য কর্মকর্তা মাহফুজুর রহমানসহ স্থানীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

স্বপন চার বছর আগে ও মিলন আড়াই বছর আগে লিবিয়ায় গিয়েছিলেন।

লিবিয়ার বেনগাজি শহরে একটি মিনারেল ওয়াটার কোম্পানিতে কাজ করতেন এ দুভাই। গত ২১ জুন শনিবার লিবিয়ার স্থানীয় সময় রাত ১০টার দিকে কাজ শেষে আবাসিক ক্যাম্পে অবস্থানকালে ক্ষেপণাস্ত্র হামলায় তাদের মৃত্যু হয়। 

শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, লাশ এলাকায় এসে পৌঁছেছে। একজন নিবার্হী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজহারুল হক, উপ সচিব মহসীন চৌধুরী প্রমুখ।

এ সময় মন্ত্রনালয়ের ওয়েলফেয়ার ডেক্সের সহকারী পরিচালক এমডি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সকাল সাড়ে ৫টায় টার্কিস এয়ারলাইন্সের ৭১২ নম্বর ফ্লাইটে তাদের লাশ হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।”

তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে নিহতের পরিবারকে লাশ দাফন, অ্যাম্বুলেন্সে করে বহন করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া বাবদ ৭০ হাজার টাকা অর্থসাহায্য দেয়া হয়েছে।

পরিবারের সঙ্গে ঈদ করা হলো না

লাশ বাড়ি পৌঁছানোর পর নিহতের পরিবার ও স্বজনসহ পুরো এলাকায় আবার শুরু হয় শোকের মাতম।

“কোলের শিশু সাব্বির (৩) কাকে বাবা বলে ডাকবে? এখন কে দেখবে আমাদের? আমরা কী করে বাচঁব?”

বিলাপ করে কথাগুলো বলছিলেন নিহত স্বপনের স্ত্রী মালেকা বেগম।

নিহতদের ভাই ইকবাল আহম্মেদ জানান, নিহত হওয়ার দিন (২১ জুন) দুপুরে স্বপন ছৈয়াল স্ত্রী মালেকা বেগমের সাথে সর্বশেষ ফোনে কথা বলেন।

তখন তিনি জানিয়েছিলেন, এবাব রমজানের ঈদে একসাথে দুভাই বাড়ি এসে পবিবারের সবার সঙ্গে ঈদ করবেন।

নিহত মিলন ছৈয়াল মা মোরশেদা বেগমের সাথে মোবাইল ফোনে কথা বলেছিলেন। তিনি তখ বলেছিলেন- “মা দোয়া করো। বাসা থেকে বের হতে পারছি না। চারদিকে সন্ত্রাসীদের বোমা ও গুলির শব্দ।”