এক কিলো দূরে মিলল মাথা, দুই জেলায় ৩ খুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবকে কুপিয়ে এবং ঝিনাইদহে দুই জনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতের কোন এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।
এদের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মৃগালী এলাকায় আনোয়ার হোসেন (৩৪) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে হত্যা করে সেটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
আনোয়ার একই উপজেলার সরিষা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
অপরদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মেকুর খিরদা গ্রামে মহসিন আলী (৪৯) নামে এক পোলট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া শৈলকুপার শেখপাড়ায় এক যুবককে গলা কেটে হত্যা করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, কালীগঞ্জে নিহত মহসিন আলী ওই গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।
তবে শৈলকুপায় নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ দিকে ঈশ্বরগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মোটরসাইকেলে ঈশ্বরগঞ্জ সদর থেকে পাশের আঠারবাড়ি এলাকায় যাওয়ার কথা বলে আনোয়ার হোসেনকে ঠিক করে কয়েকজন।
পথে মৃগালী এলাকায় আনোয়ারকে কুপিয়ে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায় তারা।
কালীগঞ্জের ওসি আনোয়ার হোসেন জানান, রাতের খাওয়া শেষে বাড়ির লাগোয়া পোলট্রি ঘরে ঘুমিয়ে ছিলেন মহসিন। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরি জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা এক যুবককে ধরে এনে শেখপাড়া ডিএম কলেজের পিছনে গলা কেটে হত্যা করে।
সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের দেহ এবং তার এক কিলোমিটার দূরে একটি ব্যাগের ভেতর থেকে মাথাটি উদ্ধার করে।
নিহত যুবকের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
