২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ভারতীয় নিহত, হিলির কার্যক্রমে বিঘ্ন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আসা এক ট্রাক চালকের সহকারী দুর্ঘটনায় নিহত হওয়ার পর ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে বন্দরে অর্ধদিবস কাজ বন্ধ রাখে ওই দেশের ট্রাক শ্রমিকরা।  

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 04:32 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে পানামা হিলি পোর্টে দুর্ঘটনাটি ঘটে।

নিহত অতুল কুমার (১৭) ভারতের উত্তর প্রদেশের উনাও জেলার আজমাইল থানার স্লায়গেবিন গ্রামের গভীন প্রসাদের ছেলে।

পানামা পোর্টের সহ-ব্যবস্থাপক এসএম হায়দার জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। পরে তাদের বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দেয়া হলে আবার কাজ শুরু করে।

ভারতীয় ট্রাক চালক সুনীল কুমারের বরাত দিয়ে ওসি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাকের সঙ্গে বাংলাদেশে আসেন অতুল। খালাস কাজ শেষ না হওয়ায় রাতে নিজেদের ট্রাকের পেছনে অতুল ভাত রান্না করছিলেন।

এ সময় বাংলাদেশি একটি ট্রাক ওই ট্রাকটিকে পেছন দিয়ে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন অতুল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য ভোরের দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে এলে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এ ঘটনায় বন্দর কর্মকর্তা হায়দার বাদী হয়ে বৃহস্পতিবার একটি মামলা করেছেন।