ঝালকাঠী সরকারি শিশু পরিবারে শিশুর মৃত্যু
গাছ থেকে পড়ে ঝালকাঠী সরকারি শিশু পরিবারে (শিশু সদন) সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শিশু সদন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মো. জনি (০৭) সদনের অঙ্গনের একটি জাম গাছ থেকে পড়ে আহত হয়। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝালকাঠী সরকারি শিশু পরিবারের দায়িত্বপ্রাপ্ত উপ-তত্ত্বাবধায়ক সুকুমার চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে শিশু পরিবারের জাম গাছে ওঠে জনি।আর সেখান থেকে পড়ে গুরুতর আহত হয় ।
এরপর তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে নেয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে ঝালকাঠী সদর থানার পরিদর্শক শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমি শুনেছি। শিশুর মৃত্যুর কারণ অনুসন্ধানে আইনি পদক্ষেপ নেয়া হবে।”
