২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে বড় বড় গর্ত হওয়ায় এবং মহসড়কের চার লেনের কাজ চলায় তীব্র যানজট দেখা দিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 04:48 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত মহাসড়কে ফেনীর সঙ্গে চট্টগ্রামের সীমান্তবর্তী মুহুরীগঞ্জ এলাকা থেকে কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্তবর্তী মোহাম্মদ আলী বাজার পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার অংশে যানজট তীব্র হয়েছে।

তবে চট্টগ্রামের সীতাকুণ্ড পর্যন্ত এ জট বিস্তৃত বলে বিভিন্ন যানের যাত্রী ও চালকরা জানান।

যানজটের কারণে প্রায় থেমে থেমে ও ধীর গতিতে চলাচল করছে বিভিন্ন যানবাহন। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি সালেহ্ আহম্মদ পাঠান জানান, মহাসড়কের লেমুয়া, লালপোল, মহিপাল, ফতেহপুর অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় এবং মহিপাল অংশে ফোর লেনের কাজ চলায় যানজট বেড়েছে।

যানজট কমাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

মহাসড়কে অধিক সংখ্যক ট্রাক ও কভার্ড ভ্যান চলাচল করায় যাত্রীবাহী বাসসহ ছোট ছোট গাড়ির যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান যাত্রী ও চালকরা।

সোহাগ পরিবহনের যাত্রী আরিফুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য সকাল ৮টায় বাসে ওঠে বেলা ২টায় তিনি ফেনী পৌঁছেন। মহাসড়কের সীতাকুণ্ডের পর থেকে তীব্র যানজটের কারণে যানবাহন দীর্ঘ সময় অলস হয়ে পড়ে থাকে।

কর্ভাড ভ্যান চালক মাঈনুল ইসলাম বলেন, সড়কে বড় বড় গর্ত থাকায় ভারী যানবাহন চালাতে সমস্য হচ্ছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকায় কাঁচাপণ্য নষ্ট হয়ে যাচ্ছে।