চট্টগ্রামে অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার
বন্দরনগরী চট্টগ্রামে অপরাধ দমন ও জনগণকে সেবা দেয়ার লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার শুরু করেছে নগর পুলিশ।
এ কর্মসূচির আওতায় নগরীর গুরুত্বপূর্ণ ১৭টি স্থানে ৫৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে, যার মাধ্যমে অপরাধী শনাক্ত এবং অপরাধ দমন সহজ হবে বলে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কর্মকর্তারা মনে করছেন।
এছাড়া ‘সিএমপি মোবাইল অ্যাপ্লিকেশন’ এবং ‘ভেহিকল থেফট অ্যান্ড রিকভারি ডাটাবেজ’ও চালু করা হয়েছে।
সোমবার দুপুরে সিএমপি সদর দপ্তরে এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের পর সিএমপি এ মোবাইল অ্যপ্লিকেশন সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে সাধারণ জনগণ নগর পুলিশের বিভিন্ন সেবা পাবে।”
প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরা এ সেবা পেলেও আগামী কয়েক মাসের মধ্যে আই ফোন ও উইন্ডোজ ফোন ব্যবহারকারীরাও এ সেবা পাবেন বলে জানান তিনি।
শফিকুল ইসলাম বলেন, “প্রথম পর্যায়ে ৫৬টি সিসি ক্যামেরা বসানো হলেও পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ ছয়টি স্থানে আরও ৯৪টি ক্যামেরা বসানো হবে।”
এসব ক্যামেরা সিএমপি সদর দপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে তিনি দাবি করেন, এই উদ্যোগ নগরীর ছিনতাই, ভাংচুর রোধের পাশাপাশি যানজট নিরসনেও ভূমিকা রাখতে পারবে।
সিএমপি কমিশনার জানান, ভেহিকল থেফট অ্যান্ড রিকভারি সিস্টেমসে নগরীতে চুরি যাওয়া এবং উদ্ধার হওয়া বিভিন্ন ধরনের যানবাহনের তথ্য থাকবে।
অনুষ্ঠানে এসব প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার।
সার্ভিল্যান্স ক্যামেরা সম্পর্কে তিনি জানান, নগরীর বিভিন্ন স্পটে পিটি জেড, ফেইস ডিটেক্টর এবং ১২০০ টিভি লাইন ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এসব ক্যামেরা রাতে ১০০ মিটার এবং দিনে ৪০০ মিটার পর্যন্ত চিত্র ধারণ করতে পারবে।
বাবুল আক্তার জানান, গুগল প্লে স্টোর থেকে সিএমপি অ্যপ্লিকেশনটি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করা যাবে।
সিএমপি কন্ট্রোল রুমের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ সুবিধা সম্বলিত এ অ্যাপ্লিকেশনে নগর পুলিশের সেবা সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি পুলিশসহ সকল থানার ঠিকানা ও কর্মকর্তাদের ফোন নম্বর দেয়া থাকবে।
এছাড়া যে কোনো ঘটনা ভিডিও করে ফেইসবুকের মাধ্যমে ডাউনলোডও করতে পারবে জনগণ।
ভেহিকল থেফট অ্যান্ড রিকভারি ডাটাবেজে নগরী থেকে যে সব গাড়ি চুরি ও উদ্ধার করা হয় সেগুলোর তালিকা ও মালিকের ফোন নম্বর থাকবে।
কোনো যানবাহন উদ্ধার করা হলে মালিকের মোবাইলে এসএমএস যাবে বলে জানান বাবুল আক্তার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (প্রশাসন) এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদারসহ বিভিন্ন জোনের উপ-কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার এবং বিভিন্ন থানার ওসিরা।
এসব প্রযুক্তিগত বিষয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পাঁচজন শিক্ষার্থী সিএমপিকে সহায়তা করেছেন।
