‘রাজাকার ওসি’ হাসেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ৬ অভিযোগ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজাকার ‘কমান্ডার’ সৈয়দ মো. হাসান ওরফে হাসেন আলীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এসব অভিযোগের মধ্যে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধ রয়েছে।
মোট ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ এবং ১২৫টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে হাসেন আলীর সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে বলে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান জানিয়েছেন।
রোববার ধানমন্ডিতে তদন্ত সংস্থার সেফ হোমে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।
গত ৩ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাড়াইল রাজাকার বাহিনীর ‘কমান্ডার’ হাসেন আলীকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এখনো পলাতক রয়েছেন তিনি।
ফাইল ছবি
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কিশোরগঞ্জ শহরের হয়বতনগরে বাস করতেন।
১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি বাহিনী কিশোরগঞ্জের তাড়াইল থানা সদর দখল করে ক্যাম্প স্থাপন করে। এরপর বাবার আদর্শে অখণ্ড পাকিস্তানের ধারণা মাথায় নিয়ে পাকিস্তানি বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে থাকেন হাসেন আলী।
পরে তিনি তাড়াইল থানার রাজাকার কমান্ডার হিসাবে নিয়োজিত হন। স্থানীয়ভাবে তিনি তাড়াইল থানার ‘রাজাকার ওসি’ ও ‘রাজাকারের দারোগা’ নামে পরিচিত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালের ৭ জুলাই হাসেন আলীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। গত ১৯ জুন তদন্ত শেষ হয়।
তার বিরুদ্ধে ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) আইনের ৩(২) (এ), ৩ (২) (সি), ৩ (২) (জি) এবং ৪ (১) ও ৪ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
হাসেন আলীর বিরুদ্ধে অভিযোগ
১৯৭১ সালের ২৭ এপ্রিল তাড়াইলের সাচাইল গ্রামের পূর্বপাড়ার হাছান আহম্মদ ওরফে হাচু ব্যাপারির বাড়ির সাতটি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ।
২৩ অগাস্ট কোনাভাওয়াল গ্রামের শহীদ তোফাজ্জল হোসেন ওরফে লালু ভুঁইয়ার বসতবাড়িতে লালু ভুঁইয়াকে হত্যা এবং দুইজনকে অপহরণ ও আটক।
৯ সেপ্টেম্বর শিমুলহাটি গ্রামের পালপাড়ায় অক্রুর পালসহ ১২ জনকে হত্যা এবং ১০টি ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগ।
২৭ সেপ্টেম্বর বোরগাঁও গ্রামের বেলংকা রোডে সতীশ ঘোষসহ ৮ জনকে হত্যা, ১০ জনকে অপহরণ ও আটক এবং ২৫ হাজার টাকার মালামাল লুট।
৮ অক্টোবর তাড়াইল থানার আড়াইউড়া গ্রামের কামিনী কুমার ঘোষের বসতবাড়িতে কামিনী কুমার ঘোষ ও জীবন চক্রবর্তীকে অপহরণ করে হত্যা এবং ৬টি ঘরে লুটপাট।
১১ ডিসেম্বর তাড়াইল থানার সাচাইল গ্রামের পশ্চিমপাড়ায় রাশিদ আলী ব্যাপারিকে হত্যা এবং ১০০টি ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগ।
