২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছরে লাশ ফিরেছে ১৫ হাজার প্রবাসীর

পাঁচ বছরে প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশি কর্মীর লাশ দেশে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 02:48 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।

চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে গত মে মাস পর্যন্ত ১৪ হাজার ৭৯৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মীর লাশ দেশে আনা হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত ২ হাজার ৩৮৬টি মৃত্যের পরিবারকে ১৪০ কোটি ৯১ লাখ ৫৭ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

একই সাংসদের অপর এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন জানান, ২০১৩ সালে বিশ্বের বিভিন্ন দেশে এক হাজার ৪৮ জন শ্রমিক বিভিন্ন দু্র্ঘটনায় নিহত হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট দেশের আইন মেনে ক্ষতিপূরণ আদায়ে দূতাবাসের মাধ্যমে শ্রম আদালতে মামলা করা হয়। যা অত্যন্ত সময় সাপেক্ষ। গত বছর নিহত ২১২ জন কর্মীর অনুকূলে ৪২ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৮শ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণের ২১ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ৪৬২ টাকা বিতরণ করা হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ পিনু খানের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বর্মানে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ৮১টি পদ সম্বলিত ১৬টি শ্রম উইং রয়েছে। ইতোমধ্যে নতুন আরো ১২টি শ্রম উইং খোলা হয়েছে এবং আরো ১১টি শ্রম উইং খোলার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশি কর্মীর ৮০ শতাংশই কাজ করছে মধ্যপ্রাচ্যের দেশে। এ পর‌্যন্ত [গত মে] বিশ্বের বিভিন্ন দেশে মোট ৮৮ লাখ ৮৭ হাজার ১১১ হন কর্মী বৈধভাবে গিয়েছেন।

জিএসপি স্থগিতে প্রভাব পড়েনি

সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, মার্কিন বাজারে জিএসপি সুবিধা স্থগিত করায় দেশের রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়েনি। ২০১১-২০১২ অর্থবছরে ইউএসএ তে দেশের মোট রপ্তানির পরিমাণ ছিল ৫ হাজার ১শ‘ দশমিক ৯১ মার্কিন ডলার, তার বিপরীতে ২০১২-২০১৩ অর্থবছরে রপ্তানির পরিমাণ ৫ হাজার ৪১৯ দশমিক ৬০ মার্কিন ডলার। ২০১৩-২০১৪ অর্থবছরে জুন-মে সময়ে রপ্তানির পরিমাণ ৫ হাজার ৮৪ দশমিক শূন্য ৭ মিলিয়ন ডলার।

জিএসপি সুবিধা পুনরায় পেতে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

ফেনী-২ নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রমজানে নিত্য প্রয়োজনীয় প্রণ্য ক্রেতাদের ক্রয় ক্ষমতায় রাখতে সরকার সচেষ্ট রয়েছে।

এ সময় সরকারের নানা উদ্যোগের পাশাপাশি ১০ জুন থেকে দেশব্যাপী ১৭৪টি স্থানে খোলা ট্রাকে টিসিবির পন্য বিক্রয়ের তথ্য তুলে ধরেন তিনি।

সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।