২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ার ১২ শিক্ষকের প্রশাসনিক পদ ত্যাগ

উপাচার্যের অসৌজন্যমূলক আচরণ ও গোপনে রেজিস্ট্রার নিয়োগের প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক প্রশাসনের বিভিন্ন দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 05:17 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবার বেলা ১২টায় উপাচার্যের কাছে একযোগে তারা নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন বলে উপাচার্যের দপ্তর নিশ্চিত করেছে।

পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক ড. মোরশেদ হোসেন (পরীক্ষা নিয়ন্ত্রক), ড. মতিউর রহমান (কেন্দ্রীয় পাঠাগার ও তথ্য কেন্দ্রের পরিচালক) ও ড. আবু কালাম ফরিদ উল ইসলাম (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এবং সাইবার সেন্টারের পরিচালক)।

সহকারী অধ্যাপকরা হলেন আতিকুর রহমান, মো. শাহ জামান, রাফিউল আজম, জাহিদ হোসেন ও এইচ এম তারিকুল ইসলাম।

প্রভাষকদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান, খন্দকার জাহাঙ্গীর আলম, খন্দকার শারমীন আশরাফী ও তাসনিমা হুমায়দা।

এদের মধ্যে নয়জন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের এবং তিনজন আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সদস্য।

বিশ্ববিদ্যালয়ের ১১৮ জন শিক্ষকের মধ্যে ১৩ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এদের মধ্যে শুধু প্রক্টর ড. নজমুল হক পদত্যাগ করেননি।  

পদত্যাগী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোরশেদ হোসেন অভিযোগ করেন, বর্তমান উপাচার্য গত বছরের ৬মে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। শিক্ষক-কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে উপাচার্য একাই সিদ্ধান্ত নেন। গত ৮ জুন অন্য বিশ্ববিদ্যালয়ের একজন উপ-রেজিস্ট্রারকে গোপনে রেজিস্ট্রার পদে নিয়োগ দেন উপাচার্য।

তিনি বলেন, “এনিয়ে শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে উপাচার্য ১৭ জুন রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ শিক্ষকদের তার বাসভবনে ডাকেন আলোচনার জন্য। আলোচনার এক পর্যায়ে তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রিষিণ পরিমলের সঙ্গে অশালীন আচরণ করলে আলোচনা পণ্ড হয়ে যায়।”

“এসব কারণে আমরা গত শুক্রবার রাতে বৈঠক করে প্রশাসনিক পদ ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করি। আজ (শনিবার)  উপাচার্যেও কাছে পদত্যাপত্র জমা দিয়েছি।”  

নীল দলের আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. আর এম হাফিজুর রহমান সেলিম বলেন, “নিয়োগবিধি মেনে উম্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে রেজিস্ট্রার নিয়োগের জন্য আমরা শিক্ষক-কর্মকর্তারা দাবি জানিয়ে আসছিলাম। আমাদের দাবি উপেক্ষা করে উপাচার্য গোপনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এটিএম এমদাদুল হককে রেজিস্ট্রার নিয়োগ দেন।  উপাচার্য শিক্ষকদের মূল্যায়ন করেন না। এসব কারণে প্রশাসনিক পদে থাকা নীলদলের তিন শিক্ষক পদত্যাগ করেছেন।”

তিনি শিক্ষকদের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানান।

উপাচার্য ড. একেএম নূর-উন-নবী ১২ শিক্ষকের পদত্যাগপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। কাজ করলে ভুল-ভ্রান্তি হতেই পারে। সেজন্য পদত্যাগ করতে হবে কেন?

রেজিস্ট্রার নিয়োগ বিষয়ে উপাচার্য বলেন, “পূর্ণাঙ্গ রেজিস্ট্রার পদে নিয়োগ দেইনি। একজন দক্ষ ব্যক্তিকে প্রেষণে এনে নিয়োগ দিয়েছি। আসলে বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ অশান্ত করার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আমি মনে করি।”

এদিকে রেজিস্ট্রার নিয়েগের প্রতিবাদে এবং নিয়োগ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা গত ২১ জুন থেকে আন্দোলন অব্যাহত রেখেছেন। শনিবারের মধ্যে দাবি পূরণ না হলে রোববার থেকে কর্মকর্তারা লাগাতার কর্মবিরতি শুরু করবেন বলে সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান জানিয়েছেন।