সড়কে প্রাণ গেল ৪ এনজিও কর্মকর্তার
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জোকারচর এলাকায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছে বলে জানা গেছে।
সেতুর পূর্ব থানার এসআই আনিসুর আশেকিন জানান, হতাহতরা সবাই পিকআপের যাত্রী।
নিহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশের ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে পাবনার ‘অনন্যা’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ওই পিকআপে ছিলেন। যাদেরমধ্যে থেকে চারজন মারা গেছেন।”
অবশ্য অনন্যা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আনিসুর বলেন, সেতুর ওই সড়ক দিয়ে দ্রুতবেগে চলা ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
অনন্যার সহযোগী প্রতিষ্ঠান ‘গ্রিন প্যালেস ইন্টারন্যাশনাল হোটেল ও রেস্টুরেন্টের’ ম্যানেজার মিজানুর রহমান প্রিন্স জানিয়েছেন, টাঙ্গাইলের ওই দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে চারজন অনন্যার কর্মকর্তা অন্যজন পিকআপটির চালক।
নিহতরা হলেন- অনন্যার নির্বাহী পরিচালক আবদুল হামিদ, দুই পরিচালক আজিম উদ্দিন ও আলাউদ্দিন এবং অ্যাকাউন্টস অফিসার মোখলেস।
তবে চালকের নাম জানাতে পারেননি তিনি।
দুর্ঘটনার খবর পেয়েই পাবনা থেকে ঘটনাস্থলে রওনা দিয়েছেন বলেও জানান গ্রিন প্যালেসের ম্যানেজার।
ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
