২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সাবেক এসআইয়ের বাড়ি থেকে অস্ত্র-স্বর্ণালঙ্কার লুট

বগুড়ার সান্তাহারে পুলিশের সাবেক এক উপপরিদর্শকের (এসআই) বাড়িতে হানা দিয়ে লাইসেন্স করা অস্ত্র, গুলি ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাতরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 10:39 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

আদমদিঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিপুর গ্রামে সাবেক এসআই  আহম্মদ আলীর বাড়িতে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

রাত ১টার দিকে ৮/১০ জন ডাকাত বাড়ির প্রাচীর টপকে ও গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বলে জানিয়েছেন আহম্মদ আলী।

তিনি বলেন, “গেঞ্জি ও লুঙ্গি পরা ডাকাতদলের সবার মুখ বাঁধা ছিল। তারা ঘরে ঢুকেই আমাকে ও আমার স্ত্রীসহ পরিবারের সবার চোখ ও হাত বেঁধে জিনিসপত্র এলোমেলো করে।

“ডাকাতরা দুটি আলমারি ভেঙ্গে আমার লাইসেন্স করা একটি বন্দুক, ৫ রাউন্ড গুলি, নগদ ৩৫ হাজার টাকা, মোবাইল সেটসহ সাড়ে ৩ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে গেছে।”

বুধবার সকালে সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, আদমদিঘি থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।