২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার দুপুর ১২টার দিকে প্রশিকা মোড়ে এ ঘটনায় আহত সারোয়ার জাহান সোহেল (২৫) শ্রীপুর পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি মহসীন উল কাদির জানান, সম্প্রতি শ্রীপুর উপজেলা যুবলীগের কমিটিকে অভিনন্দন জানানোকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল মামুনের কথা কাটাকাটি হয়। মঙ্গলবার এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়।

“এ ঘটনার জেরে বেলা ১২টার দিকে কলেজের পাশে ১০/১২ যুবক সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।”

বিল্লাল মামুন ও তার সহযোগীরাই সোহেলকে কুপিয়ে আহত করেছে বলে দাবি করেছেন সোহেলের বড়ভাই সাখাওয়াত হোসেন রিপন।

তিনি জানান, আহতাবস্থায় সোহেলকে প্রথমে মাওনা চৌরাস্তার এ কে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ কে মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক আদনান আক্তার জানান, সোহেলের বাঁ হাতের রগ কেটে গেছে। এছাড়া পা-পেটেও আঘাত রয়েছে।