রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
চীন ও জাপান সফরের অর্জন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাত ৮টার দিকে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। বঙ্গভবনে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি।
গত ২৪ মে চার দিনের সফরে চীন যান শেখ হাসিনা। পরে গত ৬ জুন ছয় দিনের সফরে জাপান যান তিনি।
রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাপান বাংলাদেশকে ৬ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানিয়েছেন। এই সহায়তা আগামী ৪-৫ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিনিয়োগ করা হবে।
চীন সফর প্রসঙ্গে শেখ হাসিনা রাষ্ট্রপতিকে জানান, চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের সময় দুই দেশের মধ্যকার বাণিজ্য বৈষম্য কমাতে বেইজিংয়ের প্রতিশ্রুতি পেয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, চীনের বার্ষিক সহায়তার পরিমাণ ২৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
প্রায় এক ঘণ্টার এই বৈঠকে প্রধানমন্ত্রীর চীন ও জাপান সফরে পাওয়া সহায়তার সফল বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার এসময় উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর গণভবন থেকে বঙ্গভবনে যাওয়ার সময় বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দক্ষিণে বিজয় সরণীর চারটি সড়কেই যান চলাচল বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা। এসময় বিভিন্ন বাসের যাত্রীদের বার বার ট্রাফিক পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।
