নারীকে মারধরের অভিযোগে বিমানকর্মী আটক
মতিঝিলে বিমানের কার্যালয়ে টিকেট নিশ্চিত করতে গিয়ে এক নারী সংস্থাটির এক কর্মকর্তার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় রাজধানীর ধানমণ্ডি এলাকার বাসিন্দা ওই নারীর করা মামলায় বিমান কর্মকর্তা হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।
মতিঝিল থানার এসআই উজ্জ্বল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুর যাওয়ার টিকেট নিশ্চিত করতে ওই নারী বিমানের মতিঝিল অফিসে যান। ওই সময় তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিমানের কর্মচারী হাফিজুর এবং এক পর্যায়ে তার মাথায় আঘাত করেন তিনি।
মারধরের অভিযোগে ওই নারী মতিঝিল থানায় একটি মামলা করলে পুলিশ বিমানের কার্যালয়ে থেকে হাফিজুরকে আটক করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ঘটনার শিকার ওই নারী সাংবাদিকদের জানান, চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে টিকেট নিশ্চিত করতে মতিঝিল বিমান অফিসের ১৮ নম্বর কাউন্টারে যান তিনি। এসময় ওই কাউন্টার থেকে আসন খালি নেই বলে জানানো হলেও পরক্ষণেই এক কর্মকর্তা টিকেটের জন্য পাঁচ হাজার টাকা দাবি করেন।
এনিয়ে ওই কর্মকর্তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হলে তার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয় বলে জানান তিনি।
মতিঝিল থানার ওসি ফরমান আলী বলেন, বিষয়টি তদন্ত করে দেখেছে পুলিশ।
