ফুলগাজীতে আরো ৩ গ্রাম প্লাবিত
টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী উপজেলার আরো তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।
ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, সোমবার রাতে উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের উত্তর আনন্দপুর, কুতুবপুর ও জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রাম প্লাবিত হয়েছে।
গত শুক্রবার মুহুরী নদীর বিভিন্ন স্থানের বাঁধ ভেঙে ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, গোসাইপুর, শালধর, নিলক্ষী, বিজয়পুর, দরবারপুর, বাসুরা, ঘনিয়ামোড়া, লাঙ্গলমোড়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুরসহ ১৩টি গ্রাম প্লাবিত হয়।
ওই ১৩ গ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।
ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী অংশের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় গত দুদিন ধরে ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পানিতে ভেসে গেছে বন্যা কবলিত গ্রামগুলোর শতাধিক মৎস্য খামারের মাছ।
ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে বন্যা কবলিত এলাকায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে গত দুদিন এ পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, সোমবার বিকেল থেকে ভারি বর্ষণ বন্ধ হওয়ায় মুহুরী নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে ভেঙ্গে যাওয়া বাঁধের মেরামতের কাজ শুরু হবে।
