স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামের জনজীবন
বৃষ্টি থামায় বন্দর নগরী চট্টগ্রামের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে কয়েকটি এলাকা এখনো জলমগ্ন হয়ে আছে।
সোমবার সকাল ৮টার পর নগরীতে আর বৃষ্টি হয়নি। অবশ্য এর আগে মধ্যরাতেও ভারী বর্ষণ হয়। পতেঙ্গা আবহাওয়া অফিস রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা সজীব হোসাইন জানিয়েছেন, সঞ্চালনশীল মেঘমালার কারণে সন্ধ্যার পর আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের আশঙ্কা কম।
সোমবার সকালে বৃষ্টি থামার পর নগরীর বহদ্দারহাট মোড়, কাপাসগোলা, বাদুরতলা, দুই নম্বর গেইট, চকবাজার ও বাকলিয়া এলাকা থেকে পানি নামতে শুরু করে। দুপুরের মধ্যে এসব এলাকার পানি নেমে যায়।
তবে আগ্রাবাদ এক্সেস সড়ক, হালিশহরের একাংশ এবং বাকলিয়ার দুয়েকটি জায়গায় দুপুর পর্যন্ত পানি ছিল।
নগরীর শান্তিবাগ এলাকার বাসিন্দা আমজাদ হোসেন জানান, এক্সেস সড়কের শান্তিবাগ-ব্যাপারি পাড়া অংশে এখনও পানি জমে আছে। হালিশহরের কয়েকটি এলাকায়ও জলাবদ্ধতা আছে।
হালিশহর ও সংলগ্ন এলাকার পানি সরানোর কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগ।
সিসিসির ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী বলেন, কয়েকটি স্থানে পানি জমে আছে। তা সরাতে কাজ চলছে। মেয়র কয়েকটি স্লুইস গেট পরিদর্শন করে নির্দেশনা দিয়েছেন।
দুপুরে হালিশহর ও কাট্টলী এলাকার সংলগ্ন বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন মেয়র মনজুর আলম।
বৃহস্পতিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। কোনো কোনো এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি আটকে থাকায় চরম দুর্ভোগ দেখা দেয় জনজীবনে।
