২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৮ সাংবাদিক পরিবারকে অনুদান দেবে তথ্য মন্ত্রণালয়

অস্বচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় হতাহত আরো ১৪৮ জন সাংবাদিকের পরিবারকে আর্থিক অনুদান দেবে তথ্য মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যসচিব মরতুজা আহমদের সভাপতিত্বে এ সংক্রান্ত জাতীয় ও মহানগর কমিটির যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে দুই পর্বে ‘সাংবাদিক সহায়তা ভাতা/অনুদান নীতিমালা ২০১২’ এর আওতায় চলতি অর্থবছরে ২৪ সাংবাদিক পরিবারকে ২৭ লাখ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেয়া হয়।

সম্প্রতি পাওয়া সাংবাদিকদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর জাতীয় ও মহানগর কমিটির সুপারিশ অনুযায়ী রোববারের সভায় ১৪৮ জনকে মোট ৭৭ লাখ ৫০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে।

তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, “সাংবাদিকদের জন্য সহায়তাকে আরো বহুমুখী ও স্থায়ী রূপদানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের কাজ চলছে।

এসংক্রান্ত আইনের খসড়া তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সুপারিশ পাওয়ায় শিগগিরিই তা সংসদে উত্থাপিত হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।