ধূমপান: সংসদ ভবনে জায়গা নির্দিষ্ট করার দাবি
জাতীয় সংসদ ভবনকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করতে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছেন আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী।
রোববার সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় সিগারেট ও বিড়ির ওপর অতিরিক্ত করারোপ করে সংসদ ভবনে ধূমপায়ীদের জন্য নির্দিষ্ট এলাকা করে দেয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।
এর সঙ্গে মূল্যস্তর প্রথা বাতিল করে সব ধরনের সিগারেটের জন্য ১০ শলাকার প্যাকেট প্রতি অন্তত ৬৩ টাকা এবং ২৫ শলাকার প্রতি প্যাকেট বিড়ির ওপর অন্তত ছয় টাকা করা আরোপের আহ্বান জানিয়েছেন সাবের চৌধুরী।
তিনি বলেন, “বহুজাতিক তামাক কোম্পানিগুলোকে মুনাফা অর্জনের সুযোগ করে দেয়া হচ্ছে। আমাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের অশুভ প্রভাব পড়ছে।”
বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও সরকারদলীয় এই সাংসদ উল্লেখ করেন।
সাবের হোসেন চৌধুরী মনে করেন, তামাকের ওপরে উচ্চহারে করারোপ করা হলে অকাল মৃত্যুর হার, তামাকজনিত রোগ ও চিকিৎসা ব্যয় হ্রাস পাবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি হবে।
বাংলাদেশের ৮১ শতাংশ মানুষ তামাকের ওপর উচ্চহারে করারোপ সমর্থন করে বলে দাবি করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে ঢাকার এই সাংসদ জানান, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, নেপাল, ইন্দোনেশিয়া, মালদ্বীপ ও মিয়ানমারের চেয়ে বাংলাদেশে সিগারেটের দাম কম।
তিনি বলেন, “বাংলাদেশে তামাক সেবনকারী চার কোটি ১৩ লাখ এবং তাদের সঙ্গে পরোক্ষভাবে চার কোটি ২০ লাখ মানুষ ধূমপানের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
বিশ্বে প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে জানিয়ে তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত মৃত্যুর সংখ্যা আড়াই লাখ। অর্থাৎ প্রতি দুই মিনিটে একজন মারা যায়। প্রতি ঘণ্টায় ২৮ জন মারা যাচ্ছেন। আর প্রতিদিন ৬৮০ জন মুত্যুবরণ করছেন।”
এছাড়া পাটজাত দ্রব্যের ব্যবহার আরো বৃদ্ধিতে পলিব্যাগ তৈরির কাঁচামালের উপর পাঁচ শতাংশ অতিরিক্ত করারোপ এবং পাট দিয়ে উৎপাদিত ব্যাগের উপর থেকে পাঁচ শতাংশ কর রহিত করার প্রস্তাব করেন সাবের হোসেন চৌধুরী।
