ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন, ১৩ গ্রাম প্লাবিত
চার দিনের টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী উপজেলার ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে, ভেসে গেছে শতাধিক মাছের ঘের।
এছাড়া হুমকির মুখে পড়েছে এসব গ্রামের অন্তত ১০-১২ হাজার পরিবার।
ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, প্রবল বর্ষণে ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর উত্তর শ্রীপুর অংশের বাঁধে ফাটল ধরে। শুক্রবার সকালে ফাটল স্থানে প্রায় ৪০ মিটার ভেঙে গেলে নদীর পানি গ্রামে প্রবেশ করে।
পানি উন্নয়ন বোর্ড ফাটল স্থানে মেরামতের চেষ্টা করলেও কাজ না হলে শনিবার বিকালে একই এলকার মুহুরী নদীর জয়পুর অংশে ফাটল ধরে।
চেয়ারম্যান আবুল হোসেন আরো জানান, পানিতে ওই সকল গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়িতে পানি উঠেছে। এছাড়া শতাধিক মাছের খামার, পুকুর ও রাস্তা-ঘাট প্লাবিত হয়েছে। ভাঙন ক্রমেই বড় আকার ধারণ করছে।
ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহিদুর রহমান জানান, পানিবন্দি দুর্গতদের মাঝে চিড়া মুড়িসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, উত্তর শ্রীপুর গ্রামের মুহুরী নদীর বাঁধের দুটি অংশে ভাঙন মেরামতের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
