ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
রাজধানীর শ্যামপুরে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ধাক্কায় নিহত হয়েছেন বৃদ্ধ চাচা।
শনিবার সকাল ১০টার দিকে ৩৮ নম্বর নামা শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কদমতলী থানার ওসি মোস্তাফিজুর রহমান।
নিহতের নাম মো. শামসুদ্দিন (৭০)।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমি ও পারিবারিক কবরস্থানের সীমানা নিয়ে বিরোধের জেরে ওই বৃদ্ধকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”
নিহতের মেয়ে রুমানা বেগম বলেন, "সকালের দিকে তার চাচাত ভাই মনু কয়েকজন সঙ্গীকে নিয়ে তাদের বাড়ির সীমানার দেয়াল ভাঙতে আসে। সবার হাতে রড, হাতুড়িসহ আরো কিছু দেশিয় অস্ত্র ছিল।
"এসময় তার বাবা শামসুদ্দিন বাধা দিতে আসলে মনু তার বুকে জোরে ধাক্কা দেয়। এতে তিনি পাশের একটি গর্তে পড়ে সংজ্ঞা হারান। এর পরপরই মনুসহ অন্যরা পালিয়ে যায়।"
রুমানা জানান, বেলা ১২টার দিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি মোস্তাফিজুর।
