২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে বরিশালে স্থবির জনজীবন

বরিশালে দুই দিনের টানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 05:11 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শনিবার ছুটির দিন হওয়ায় বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ। আর নগরীতে রিকশা ছাড়া অন্য যানবাহনের চলাচলও তুলনামূলকভাবে কম।

এদিকে দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে বরিশাল অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। এছাড়া বন্দরে ২ নম্বর সতর্ক সংকেতও জারি করা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরো ৩/৪ দিন এমন আবহাওয়া বিরাজ করবে।

নগরীর ভাটারখাল কলোনীর বাসিন্দা মশিউর আহমেদ বলেন, বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর নিম্নাঞ্চলে। হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন বিভিন্ন এলাকা।

দুপুরে নগরীর বাসিন্দা স্কুল শিক্ষক রফিকুল আমীন বলেন, বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারায় বৃষ্টি হচ্ছে।

গৃহিনী আফরোজা খানম অভিযোগ করেন, বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন চলাচল তেমন একটা না করার সুযোগে রিকশা চালকরা দ্বিগুণ ভাড়া আদায় করছে।

তবে সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, নগরীর ড্রেনগুলোতে জমে থাকা ময়লা বৃষ্টি শুরুর আগেই পরিষ্কার করায় এবার নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।