নারায়ণগঞ্জে এক পরিবারের ৬ জন দগ্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছে।
শনিবার ভোরের দিকে মাসদাইর বারৈভোগ এলাকার এ অগ্নিকাণ্ডে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হায়দার আলী।
দগ্ধরা হলেন- আজিজা (৬৫), তানিয়া (১৬), তন্বী (১২), মাহমুদ (৭), তবিনুর (৯) এবং তবিরুল (৪০)।
ফতুল্লার সেলিম হাজির আধাপাকা বাড়ির তিনটি ঘর নিয়ে ভাড়া থাকে পরিবারটি।
স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটি কোন নাশকতার ঘটনা নয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে তারা দগ্ধ হন।
হাসপাতাল থেকে রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মধ্য রাতে আমরা তবিরুলদের বাসা থেকে বিকট শব্দ পাই। বের হয়ে দেখি আগুন জ্বলছে। অন্য প্রতিবেশীদের নিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।”
