শ্যামবাজারে দোকানে হামলা, টাকা লুট
রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজারে শতাধিক যুবক কয়েকটি দোকানে হামলা চালিয়ে টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকালের এ হামলায় দুই দোকান মালিকসহ তিনজন আহত হয়েছেন। তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-মো. রহিম (৩৫), সুমন (৩০) ও ইউনুস আলী (৩০)।
রহিমের মাথায় ও বাকি দুজনের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে বলে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহদেব রাজ বংশী জানিয়েছেন।
আহত রহিম জানান, শ্যামবাজার ‘সনাতন ভাণ্ডার’ নামে তার হলুদের দোকান রয়েছে।
বিকাল ৫টার দিকে শতাধিক যুবক লাঠি ও রড নিয়ে তার দোকানে হামলা চালায়। এ সময় তাকে মারধর করে প্রায় ৫ লাখ টাকা লুটে নেয় বলে দাবি করেন তিনি।
‘পবিত্র ভাণ্ডার’ নামে আরেক হলুদের দোকানের মালিক সুমন বলেন, একই কায়দায় হামলা করে তার দোকান থেকেও প্রায় দুই লাখ টাকা নিয়ে গেছে।
যুবকরা আশপাশের আরো কয়েকটি দোকানে হামলা চালিয়ে টাকা-পয়সা লুট করে বলে জানান তিনি।
শ্যামবাজারের শ্রমিক ইউনুস আলী বলেন, শতাধিক যুবক হলুদ পট্টির বিভিন্ন দোকানে হামলা চালায়। তাদের সামনে যেই পড়েছে তাকেই তারা আঘাত করেছে।
“আমার শরীরে লাঠি দিয়ে কয়েকটি আঘাত করে ওই যুবকরা,” বলেন তিনি।
এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল হাসান বলেন, “দোকানের ভাড়া দেয়া নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। এক/দেড় বছর ধরে ওই সব দোকানের ভাড়া দেয়া হচ্ছে না বলে জানতে পেরেছি। তবে বিষয়টি কেন ঘটেছে তা আমরা নিশ্চিত নই।”
তবে পবিত্র ভাণ্ডারের মালিক সুমন বলেন, আব্দুর রহমান মোল্লা নামের একজনের কাছ থেকে দোকানটি ভাড়া নিয়ে চালাচ্ছিলেন তিনি। রহমান মারা যাওয়ায় এখন তার সন্তানদের ভাড়া দিচ্ছেন।
