হিটলারুজ্জামানের যত অনিয়ম
নীলফামারী সদর উপজেলার সদ্য বদলি হওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের একাধিক কর্মকর্তা-কর্মচারী হিটলারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরা গত রোববার (১৫ জুন) ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, হিটলারুজ্জামান চলতি বছরের ১৮ মার্চ নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে ব্যপক অনিয়ম ও দুর্নীতি করেন। অর্থের বিনিময়ে শিক্ষক বদলি, স্কুল লেভেল ইমপ্রুভম্যান্ট প্রজেক্টের (শ্লিপ) অর্থ, উপবৃত্তি, অফিসের আনুসঙ্গিক খরচ, কম্পিউটার মেরামত ও সরঞ্জাম ক্রয়সহ অন্যান্য খাতের টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাত করেছেন।
অভিযোগে আরো বলা হয়, ইবতেদায়ি সমাপনী পরীক্ষার শিক্ষক কর্মচারীদের সম্মানী ভাতার এক লাখ নয় হাজার ৮৩৬ টাকা শিক্ষকদের প্রদান না করে তিনি আত্মসাত করেছেন।
উপজেলায় ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের নামে স্কুল লেভেল ইমপ্রুভম্যান্ট প্রজেক্টের (শ্লিপ) বরাদ্দ হওয়া প্রতিটি বিদ্যালয়ের ৩০ হাজার টাকা বিতরণের সময় ১৬৭টি বিদ্যালয়ের কাছে ভ্যাটের নামে চার লাখ ১৮ হাজার টাকা আদায় করেন।
বরাদ্দের সারে চার শতাংশ হিসাবে দুই লাখ ৪৫ হাজার ৭০০ টাকা ভ্যাট জমা নেন এবং এ টাকা থেকে নিজে আত্মসাত করেন এক লাখ ৭২ হাজার টাকা।
এ ছাড়া তিনি নিজ খেয়ালখুশিমতো ব্যাংক হিসাব থেকে সরকারি অর্থ উত্তোলন করে আত্মসাত করেছেন। কোনো দরপত্র আহ্বান ছাড়াই প্রাথমিক সমাপণী পরীক্ষার খাতাসহ অব্যবহৃত সরঞ্জাম বিক্রি করে প্রাপ্ত অর্থ আত্মসাত করেছেন তিনি।
সরজেমিনে গত ১৮ জুন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান সম্প্রতি বদলি হয়েছেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায়।
সংশ্লিষ্টরা জানান, নতুন কর্মস্থলে যোগদানের জন্য যাওয়ার আগে তিনি পুরাতন কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করেননি। ছাড়পত্র ছাড়া সেখানে কাজে যোগদান করতে না পেরে গত বুধবার (১৮ জুন) আবার নীলফামারী ফিরে আসেন।
তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আছেন জানা যায়।
সেখানে তাকে পাওয়া গেলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে উজেলা চত্বর ত্যাগ করেন তিনি।
এ ব্যাপারে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী নাসরিন সুলতানা বলেন, ব্যাংক হিসাবের চেকবই তিনি নিজের কাছে রাখতেন। চোখের সামনে দিনের পর দিন এসব অনিয়ম করলেও প্রতিবাদ করার ক্ষমতা ছিল না অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের।
তিনি (হিটলার) কর্মস্থল থেকে বদলি হলে অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেদ আলীর কাছে এসব অনিয়মের অভিযোগ করলে বিষয়গুলো ধরা পড়ে, বলেন নাসরিন।
“ওই শিক্ষা কর্মকর্তাকে গত সাত দিন ধরে না পেয়ে জানতে পারি তিনি বদলি হয়ে দায়িত্ব বুঝিয়ে না দিয়েই মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায় যোগদানের জন্য গেছেন।
“সরকারি অর্থ তছরুপ ও অনিয়মের বিষয়টি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে ওই কর্মস্থলে যোগদান করতে না পেরে তিনি ১৮ জুন ফিরে আসেন নীলফামারী।”
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সন ও আরিফা সুলতানা লাভলীর উপস্থিতিতে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের কথা হিটলারুজ্জামান স্বীকার করেছেন বলে জানান ইউএনও।
ইউএনও বলেন, বুধবার বিকেলে সোনালী ব্যাংক হিসাবের দুইটি খাতে এক লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা জমা করেন হিটলার।
এছাড়া ভ্যাটের নামে আত্মসাত করা এক লাখ ৭২ হাজার ৩০০ টাকাসহ অন্যান্য খাত থেকে আত্মসাত করা প্রায় দুই লাখ টাকা ফেরতরে প্রতিশ্রুতিও দেন তিনি।
ইউএনও আরো বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় আমাকে দায়িত্ব নিয়ে টাকা আদায় করতে হচ্ছে।”
টাকা ফেরত দিয়ে নিজেই তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করলেন বলে উল্লেখ করেন ইউএনও।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, “গত ১৬ জুন ইউএনও সাহেবের মাধ্যমে অভিযোগের বিষয়টি জানার পর ১৭ জুন সহকারী শিক্ষা কর্মকর্তা ও অফিস স্টাফদের আমার অফিসে ডাকি। তাদের কাছে হিটলারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হই।
“এরপর আমি উপপরিচালককে বিষয়টি মৌখিকভাবে অবগত করি। ২/১ দিনের মধ্যে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
