২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিন পরীক্ষা: দোকান বন্ধ রাখবে ফল ব্যবসায়ীরা

ফরমালিন পরীক্ষার নামে ‘হয়রানির’ প্রতিবাদে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঢাকার ফল বিক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 02:12 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাদামতলীসহ ঢাকা মহানগরে ফল বেচা-কেনা, মালামাল ওঠা-নামাসহ সব ধরনের কাজ বন্ধ রাখা হবে বলে ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী সমিতি জানিয়েছে।

এছাড়া একইদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার সকালে বাদাতলীতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ফরমালিন পরীক্ষার নামে ফল ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা না হলে বন্দর থেকেও ব্যবসায়ীরা কোন মাল গ্রহণ করবে না।

তিনি অভিযোগ করেন, “পুলিশ যে মেশিন দিয়ে ফরমালিন পরীক্ষা করছে- সে মেশিন ফরমালিন পরীক্ষার মেশিন নয়।”

মেশিনের বিষয়ে জানতে চাইলে ঢাকার প্রবেশ মুখে পুলিশের ফরমালিন পরীক্ষার অভিযানে থাকা বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, “মেশিন সম্পর্কে আমি কিছু জানি না। মূলত পুলিশ এই বিষয়ে বলতে পারবে। আমরা ঘটনাস্থলে থেকে পরীক্ষা করেছি।”

পুলিশের লালবাগ জোনে জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মেশিনটি বিদেশ থেকে আমাদানি করা হয়েছে। বিদেশেও এই মেশিনের মাধ্যমে ফরমালিন পরীক্ষা করা হয়।”

ফল ব্যবসায়ী নেতা সিরাজুল বলেন, “প্রতিবছর রমজানকে সামনে রেখে খেজুর ও ফলের চাহিদা মেটানোর জন্য ব্যবসায়ীরা বিশেষ প্রস্তুতি নেয়। এ বছরও এমন প্রস্তুতির সময় বিতর্কিত যন্ত্রের মাধ্যমে ফলে ফরমালিন পরীক্ষা শুরু করা হয়েছে।”

১১ জুন থেকে ঢাকা শহরের আটটি প্রবেশ পথে ফলের ট্রাকে ফরমালিন পরীক্ষার কার্যক্রম চলছে।

এদিকে ফরমালিনবিরোধী অভিযান নিয়ে ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা শুক্রবার উত্তর কারওয়ান বাজার ফল ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে বৈঠক করেছেন বলে মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পুলিশের ফরমালিনবিরোধী অভিযানকে ব্যবসায়ীরা স্বাগত জানিয়ে বলেছে-তারা এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ইব্রাহিম ফাতেমী, যুগ্ম কমিশনার মীর রেজাউল আলমসহ মহানগর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের পক্ষে উত্তর কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম বাবুল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ, চাঁপাইনবাবগঞ্জের ফল ব্যবসায়ী আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন ব্যবসায়ী সভায় উপস্থিত ছিলেন।