২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মন্দিরে আগুন, জামায়াতনেতা গ্রেপ্তার

বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি মন্দিরে আগুন দেয়ায় জড়িত সন্দেহে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 01:48 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম (৪৫) উপজেলার গোপালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং একই ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য।

শুক্রবার ভোরে ফুলতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে রফিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

“গত ২০ জানুয়ারি উপজেলার গজালিয়া ইউনিয়নের জোবাই গ্রামের শৈলেন্দ্রনাথ মণ্ডল নামে এক ব্যক্তির পারিবারিক দূর্গামন্দিরে রাতের অন্ধকারে আগুন দেয় দুর্বৃত্তরা।”

এ ঘটনায় কচুয়া থানায় করা মামলায় জামায়াতনেতা রফিকুলকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তবে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল শেখ আব্দুল ওয়াদুদ দাবি করেন, “স্থানীয় একটি প্রভাবশালী মহল মিথ্যা মামলা দিয়ে রফিকুলকে গ্রেপ্তার করিয়েছে।”