ডেমরায় ডোবা থেকে তরুণীর লাশ উদ্ধার
রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনের এক ডোবা থেকে তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে মডেল টাউনের ভিতরে বাইকদিয়া নামক স্থানের এক ডোবা থেকে অর্ধগলিত ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, তিন/চারদিন আগে শ্বাসরোধে হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখে দুর্বৃত্তরা।
সিরাজুল বলেন, নির্জন ওই স্থানে হেঁটে যেতেও সমস্যা হয়। লাশটি কিভাবে সেখানে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
