সম্প্রচার সাংবাদিকদের জন্য বেতন কাঠামো চান তথ্য উপদেষ্টা
সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের সুষ্ঠু জীবন এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
ইকবাল সোবাহান চৌধুরী বলেন, “যারা পত্রিকার সাংবাদিক তারা একটি নির্দিষ্ট ওয়েজবোর্ড অনুযায়ী বেতন ভাতা পেয়ে থাকেন। কিন্তু সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের জন্য কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই।
“সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের সুষ্ঠু জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন করে একটি নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। আমরা এ জন্য আন্দোলনও করছি।”
সম্প্রচার নীতিমালা সম্পর্কে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে সাংবাদিকতা চর্চার জন্য সম্প্রচার নীতিমালা প্রণয়ন অপরিহার্য। তবে সে নীতিমালা হতে হবে গণমাধ্যম সহায়ক, নিয়ন্ত্রণমূলক নয়।
সেমিনারে সম্প্রচার সাংবাদিকতার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভুঁইয়া।
তিনি বলেন, সম্প্রচার নীতিমালার সবচেয়ে দুর্বল দিক হলো লাইসেন্স প্রদান প্রক্রিয়া। বর্তমান প্রক্রিয়ায় রাজনৈতিক বিবেচনায় যে কেউ গণমাধ্যমের মালিক হতে পারবে। ফলে অসাধু ব্যক্তি ও গোষ্ঠীর গণমাধ্যমের মালিক হওয়ার পথ সুগম রয়েছে। এতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে সম্প্রচার কমিশন গঠনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবেও উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পত্রিকায় ভুল ও মিথ্যা তথ্য দিয়ে কারো বিরুদ্ধে লেখা হলে সেই ব্যক্তিটি প্রতিবাদ করার সুযোগ পান। কিন্তু টেলিভিশনের বা রেডিওর ক্ষেত্রে সে সুযোগ নেই।
অন্যান্য দেশের উদাহরণ টেনে সাংবাদিক সমিতির এ উপদেষ্টা বলেন, “যার বিরুদ্ধে নিউজ করা হবে বা টকশোতে যার সম্পর্কে ভুল তথ্য দেয়া হবে তার বক্তব্য প্রচারের বিষয়টিও নীতিমালায় অন্তর্ভুক্ত থাকা উচিত।”
সমিতির সভাপতি এমএম জসীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
