২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বাগেরহাটের আব্দুল লতিফ তালুকদারকে তদন্ত সংস্থার সেফহোমে নিয়ে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 10:22 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

প্রসিকিউশনের এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ দেয়।

আদেশে বলা হয়, তদন্ত সংস্থার সুবিধামতো যে কোনো একদিন তাকে সেফ হোমে নিয়ে লতিফের আইনজীবী ও একজন ডাক্তার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্ত সংস্থা।

গত সোমবার লতিফ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেফ হোমে নেয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান প্রসিকিউটর সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। বুধবার আবেদনের পক্ষে শুনানি করেন তিনি।

আব্দুল লতিফ তালুকদারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন।    

গত ১০ জুন ট্রাইব্যুনালের কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। ওই দিন শুনানির পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

পরোয়ানা জারির পর ১১ জুন ভোরে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের সোলারকোলা গ্রামের বাড়ি থেকে লতিফ তালুকদারকে (৭৫)গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

 এর পরদিন ট্রাইব্যুনালে হাজির করা হলে লতিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

লতিফ তালুকদারের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা এবং ২০০ জনকে ধর্মান্তরের অভিযোগ রয়েছে।  
 
২০০৯ সালে নিমাই চন্দ্র দাস নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে আব্দুল লতিফ তালুকদারের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে মানবতাবিরোধী অপরাধে মামলাটি দায়ের করেন।