স্টেডিয়ামে এম এ আজিজের ভাস্কর্য স্থাপন
প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ আজিজের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে চট্টগ্রামে।
বুধবার এম এ আজিজ স্টেডিয়ামের মূল ফটকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) উদ্যোগে স্থাপিত ভাস্কর্যটি উন্মোচন করেন প্রয়াত নেতার বড় মেয়ে বিলকিস বানু।
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে যার নামে স্টেডিয়াম হয় তার ভাস্কর্য ও পরিচিতি দেয়া থাকে। কিন্তু এখন অনেকেই জানেন না এম এ আজিজ কে ছিলেন। প্রজন্ম পরম্পরায় তার সম্পর্কে সবাইকে জানাতেই এ উদ্যোগ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ আজিজের সন্তান নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান ও সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক।
প্রয়াত এম এ আজিজ ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম।
১৯৭০ সালের নির্বাচনে তিনি গণপরিষদ সদস্য নির্বাচিত হন। এর তিন মাস পরই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর এম এ আজিজ ছয় দফা আন্দোলনের সংগঠক ছিলেন।
