২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে দুটি বিপণিবিতানে আগুন লেগে শতাধিক দোকান ও কারখানা পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 10:53 AM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বুধবার ভোর ৪টার দিকে দেওভোগ এলাকার সোর্হওয়াদী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুতই তা পাশের ভূইয়া মার্কেটেও ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজ হোসেন

জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

টিনশেডের তৈরি এ মার্কেট দুটিতে মূলত পাঞ্জাবি ও হোসিয়ারি পণ্য (বড়দের অর্ন্তবাস, গেঞ্জি ও বাচ্চাদের কাপড়) উৎপাদন ও তা পাইকারিভাবে বিক্রি করা হতো।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কাপড় ইস্ত্রি করার আয়রন অথবা বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

টিনশেড ঘর ও কাপড়ের কারণে দমকল বাহিনীকে আগুন নিভাতে বেশ বেগ পেতে হয় বলে মন্তব্য করেন অগ্নি নির্বাপক কর্মকর্তা মমতাজ হোসেন।

ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে মার্কেট দুটির প্রায় শতাধিক দোকান ঘর পুড়ে গেছে। এসব ঘরে রাখা পণ্যের বেশিরভাগ আসন্ন রোজায় ঈদ উপলক্ষ্যে বিক্রির জন্য মজুদ করা ছিল। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা মমতাজ হোসেন বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।