চবক চেয়ারম্যানকে ‘ধিক্কার’ সংসদীয় কমিটির
সরকারকে অস্বস্তিতে ফেলতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ ষড়যন্ত্রে লিপ্ত বলে মনে করছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে চবক চেয়ারম্যানের বক্তব্য নিয়ে আলোচনার পর মঙ্গলবার সংসদীয় কমিটির সভা থেকে তার প্রতি ‘ধিক্কারও’ জানানো হয়।
গত ১৫ জুন একটি জাতীয় দৈনিকে নিজাম উদ্দিনের সাক্ষাৎকার প্রকাশিত হয়। তাতে তিনি বলেছেন, নিউমুরিং টার্মিনাল (এনটিসি) পুরো চালু না হলে জাহাজ জট বাড়বে। এর ফলে আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে।
সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে ‘ভয়াবহ ষড়যন্ত্রের’ আশঙ্কা থাকে বলেও মন্তব্য করেন।
বন্দর চেয়ারম্যানের এই বক্তব্য ‘বিধিবহির্ভূত’ বলে সংসদীয় কমিটির দাবি। গত ১ ও ২ জুন সংসদীয় কমিটির বন্দর পরিদর্শনের পর এই সাক্ষাৎকার ‘বিভ্রান্তি’ তৈরি করেছে বলে মনে করছেন কমিটির সদস্যরা।
কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বন্দর চেয়ারম্যান যে বক্তব্য গণমাধ্যমে দিয়েছেন, তাতে চাকরিবিধি লঙ্ঘিত হয়েছে। মন্ত্রণালয়ের অধীনস্ত কর্মকর্তা এভাবে গণমাধ্যমে পূর্বানুমতি ছাড়া বক্তব্য দিতে পারেন না।
“চেয়ারম্যান তার স্বপ্নের কথা বলেছেন, পরিকল্পনার কথা বলেছেন, নিজের কৃতিত্ব জাহির করেছেন।কিন্তু সরকারের পরিকল্পনার কথা বলেননি। এক কর্মকর্তার কাজ সরকারি পরিকল্পনার বাস্তবায়ন।”
“সেদিকে না গিয়ে তিনি শুধু নিজের কথা বলেছেন। নেতিবাচক কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। তিনি সরকারকে অস্বস্তিতে ফেলতে ষড়যন্ত্রে লিপ্ত।”
কমিটির সদস্য চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফ বলেন, “বন্দর চেয়ারম্যানের এই বক্তব্যে কমিটি ধিক্কার জানিয়েছে। সংসদীয় কমিটি বন্দরের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করতে চাচ্ছে বলে তিনি ভিন্ন কথা বলছেন।”
কমিটির সদস্য আব্দুল হাই বলেন, “বন্দর পরিদর্শনে সংসদীয় কমিটির যাওয়ার কারণে চেয়ারম্যান এ ধরনের কথা বলেছেন কি না, সেটা খতিয়ে দেখতে হবে।”
বন্দর চেয়ারম্যানের বক্তব্যের বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।
বন্দর চেয়ারম্যানকে সংসদীয় কমিটি তলব করবে কি না- জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, “আমরা তাকে ডাকব না। সে মন্ত্রণালয়ের অধীনস্ত কর্মকর্তা। এজন্য আমরা মন্ত্রণালয়ের কাছে এর ব্যাখ্যা চাইব।”
