বখাটেদের বিরুদ্ধে অভিযোগ আদালতে জানালেন আশুলিয়ার নারী
বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে আদালতের শরণ নিয়েছেন রাজধানীর উপকণ্ঠের আশুলিয়ার এক নারী।
ওই এলাকার সাতজনের বিরুদ্ধে মঙ্গলবার ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশ করেছেন তিনি।
ওই নারী আদালতে দাঁড়িয়ে নিজের এবং তার বোনের হয়রানির চিত্র তুলে ধরে অভিযোগ করেন, পুলিশ ও গ্রামের কর্তাব্যক্তিরাও ওই বখাটেদের পক্ষ নিয়েছেন।
তিনি অভিযোগ করেছেন আশুলিয়ার আউক পাড়া আদর্শ গ্রামের মো. সাদ্দাম হোসেন (২২), আলভী (২১), আসিফ (২০), মেহেদী (২২), রতন (৪৫), জসিম (৪৫), শাহ আলম (৩৫) নামে সাতজনকে।
ওই নারী অভিযোগ করেছেন, তিনি ও তার বোনকে বিভিন্ন অশ্লীল প্রস্তাব দিয়ে আসছিল ওই বখাটেরা। তাদের কারণে তার বোনের এসএসসি পরীক্ষা দেয়া বন্ধের উপক্রম হলে সালিশও ডাকা হয়। কিন্তু কোনো ফল হয়নি।
“গত ২৫ মার্চ দুপুরে আমার বোন স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ আনতে গেলে তাকে রাস্তায় আটকে এসিড মারার হুমকি দেয়। এর প্রতিবাদ করায় গত ৬ জুন আমার বাবাকে তারা বেদম পেটায়।আমার এক বছরের শিশুকে আছাড় মারে।”
সেদিন বাদিনীর বাড়ির আঙিনায় ওই বখাটেরা তার বোনের শ্লীলতাহানিও ঘটায় বলে তার অভিযোগ।
তিনি বলেন, “ভয়ে এই চক্রের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। থানা-পুলিশ তাদের পক্ষে। তাদের পক্ষে রয়েছে স্থানীয় রাজনীতিক ও গ্রাম্য মাতবররাও।”
