চাঁদপুরে ৪ দিন পর অপহৃত যুবক উদ্ধার
চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে অপহৃত এক যুবককে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে এ অভিযান চলাকালে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মহসিন (২৫) ও আশিক (২৬) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
শুক্রবার কচুয়া উপজেলার বাইছারা বাজার থেকে অপহরণ করা হয় উত্তর নোয়াগাঁও গ্রামের প্রয়াতত আলী হোসেনের ছেলে মহসিন হোসেনকে (৩৮)।
কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, মহসিন হোসেনকে বাইছারা বাজার থেকে ৬-৭ জন দুর্বৃত্ত তুলে নিয়ে যাওয়ার পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
সে অনুযায়ী তাদের দাবিকৃত টাকা নিয়ে মহসিনের পরিবারের সদস্যরা কচুয়ার বাইছারা এলাকায় এলে কৌশলে পুলিশ তাদের আটক করে।
আটকদের দেয়া তথ্য অনুসারে পুলিশ সোমবার রাত ১টায় মহসিনকে কুমিল্লার চান্দিনা উপজেলার বীরপাড়া এলাকায় জনৈক আব্দুল হকের ঘর থেকে উদ্ধার করে।
ওসি আরো জানান, এ ঘটনায় মহসিনের বোন আলেয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার চার জনকে আসামি করে কচুয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
